হেলপারকে দিয়ে বাস চালানোয় আমতলীতে উল্টে আহত ২৯

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা বাজার এলাকায় ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ২০০ মিটার দূরে গিয়ে থামে। এ ঘটনায় অন্তত ২৯ জন যাত্রী আহত হয়েছেন, যাদের অনেকের হাত ও পা ভেঙে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, চালক ঘুমিয়ে থাকায় ওই সময় হেলপার বাসটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর থেকেই চালক ও হেলপার পলাতক রয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আমতলী ও কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এদিকে বারবার দুর্ঘটনা ঘটা বান্দ্রা মোড়ে সিগন্যাল ল্যাম্পপোস্ট নেই। এলাকাবাসী এই গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুত সিগন্যাল বাতি ও গতিরোধক স্থাপনসহ সড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।