হৃদরোগে আক্রান্ত ইমরান খানের বোন নরিন হাসপাতালে

Published: October 29, 2026, 4:51 am

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজি কারাগারের ভেতরে হঠাৎ হৃদযন্ত্রে অস্বস্তি বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। বুধবার তাকে লাহোরের কোট লাখপত কারাগার থেকে সরিয়ে সরাসরি পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে ভর্তি করা হয়। নরিনের আইনজীবী রানা মুদাসসার উমর এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তার প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছেন।

নরিন নিয়াজি এবং তার বোন উজমা খান গত ২১ সেপ্টেম্বর থেকে লাহোরের কোট লাখপত কারাগারে বন্দী রয়েছেন। ১৯৬০ সালের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের (এমপিও) ৩ নম্বর ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। এর একদিন আগেই একই আইনের অধীনে লাহোর থেকে আটক করা হয় ইমরান খানের আরেক বোন আলিমা খানকে। ইমরান খানের মুক্তি এবং সংবিধানের সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিতে পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঠিক আগে তাদের গ্রেপ্তার করা হয়। পিটিআইয়ের ওই কর্মসূচির অংশ হিসেবে ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লংমার্চ করার পরিকল্পনা ছিল দলটির।

পাঞ্জাব সরকারের সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, কারাবন্দী ইমরান খানের এই তিন বোনেরই আটকের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানো হয়েছে। এর আগে, আলিমা খানের ছেলে শাহরেজ খান তার মা ও খালাদের আটকাদেশের বৈধতাকে চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে একটি আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে পাঞ্জাবের স্বরাষ্ট্রসচিব যে প্রতিবেদন আদালতে দাখিল করেন, তা পর্যালোচনা করে আদালত আবেদনটি নিষ্পত্তি করে দেয়। বর্তমানে ওই প্রতিবেদনে তিন বোনের আটকাদেশের মেয়াদ বৃদ্ধির বিষয়টি স্পষ্ট করা হয়েছে। লাহোর হাইকোর্টে জমা দেয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাঞ্জাব সরকার ইমরান খানের তিন বোনেরই আটকাদেশ আরও ৩০ দিন বাড়িয়েছে।