দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। নতুন রোগী ভর্তির সংখ্যা বেশি থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপ অব্যাহত রয়েছে বলে বুলেটিনের তথ্যে দেখা যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে চট্টগ্রাম বিভাগের তিনজন এবং ঢাকা ও সিলেট বিভাগের একজন করে রয়েছেন। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হলো। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৮১ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৮, সিলেটে ১৭৫, খুলনায় ১৪৫, বরিশালে ১২৩, ময়মনসিংহে ১০৭, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে। হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই এই হিসাবে নথিভুক্ত করা হয় বলে অধিদপ্তর জানিয়েছে।








