কপ-৩১ শেষে তুরস্ক থেকে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভোরে ঢাকায় অবতরণ

Tajanews24

Published: November 13, 2026, 2:15 am

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) ও বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন বলে ইউএনবি জানিয়েছে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে স্বাগত জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে আন্তালিয়া ছাড়েন তিনি; ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন। আন্তালিয়া বিমানবন্দরে তাকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল।

গত ১০ নভেম্বর তিন দিনের সরকারি সফরে আন্তালিয়ায় যান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তিনি কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপ তুলে ধরেন।

সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয় বলে ইউএনবি জানিয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রী ও তার স্ত্রী এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের দেওয়া নৈশভোজে যোগ দেন। সফরে তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন ও গ্রিন জোনে পরিবেশবান্ধব পাটপণ্যের প্রদর্শনী পরিদর্শন করেন এবং বিভিন্ন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।