নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু অভিযোজনে ইইউর জোরালো সহায়তা চাইল বাংলাদেশ

Tajanews24

Published: November 15, 2026, 5:18 pm

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও জলবায়ুসহনশীল উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাসস জানিয়েছে, তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে ইইউর আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এই আহ্বান জানান।

বৈঠকে জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি ও অভিযোজনে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হয় বলে রোববার পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রতিমন্ত্রী সরকারের লক্ষ্য তুলে ধরে জানান, আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। একই সময়ে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও তিনি জানান, যার ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির।

উপকূলীয় এলাকায় লবণাক্ততা বাড়া ও নিরাপদ পানীয় জলের সংকটকে বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরে প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড়সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব দেন। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালু ও ইটভাটার দূষণ কমানোও বাংলাদেশের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

জবাবে ডায়না অ্যাকোনিয়া প্যারিস চুক্তি ও জলবায়ু অর্থায়নের নতুন সমষ্টিগত লক্ষ্য বাস্তবায়নে ইইউর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, বার্ষিক ১০০ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের লক্ষ্য অর্জিত হয়েছে এবং এখন ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্য নিয়ে কাজ চলছে। ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে যৌথ অর্থায়নের পরামর্শ সহায়তা কার্যক্রমে নির্বাচিত তিনটি দেশের একটি বাংলাদেশ বলেও তিনি জানান।

ইইউ ইতিমধ্যে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও রেলপথের বিদ্যুতায়নে সহায়তা করছে বলে বৈঠকে জানানো হয়। উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুতের প্রস্তাব ব্রাসেলসে সংশ্লিষ্টদের জানানো হবে বলে অ্যাকোনিয়া আশ্বাস দেন। দুই পক্ষ ঢাকায় ইইউ প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতে একমত হয়েছে।