থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটের পাতং এলাকায় একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে অন্তত ১১ জন নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই।
থাই কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ১৭ মিনিটে ফাংমুয়াং সাই কোর সড়কের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনটিতে একটি রেস্তোরাঁ, ভাড়া দেওয়া আবাসন ও একটি মোটরসাইকেল ভাড়া দেওয়ার দোকান ছিল বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। আগুন পরে আশপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে এবং দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টা লেগে যায় তা নিয়ন্ত্রণে আনতে।
আজকের পত্রিকা ব্যাংকক পোস্টের বরাতে জানিয়েছে, নিহত ১১ জনের মধ্যে আটজন নারী ও তিনজন পুরুষ। আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক বলে পুলিশ জানিয়েছে। আহতদের ধোঁয়ায় অসুস্থতাসহ বিভিন্ন আঘাতের জন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ফুকেট পুলিশের কমান্ডার সুরাচাই সুকসাই বলেছেন, পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করেছে এবং প্রাথমিক তদন্তে এটি নাশকতামূলক অগ্নিকাণ্ড নয় বলে নিশ্চিত হওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আগুন শুরুর কিছুক্ষণ আগে ভবনের কাছের একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছিল।
ফুকেটের গভর্নর চোটেনারিন কের্ডসম জানান, ভাড়ার দোকানটিতে প্রায় ১০০টি মোটরসাইকেলের পাশাপাশি গ্যাস, ইঞ্জিন তেল, প্লাস্টিক সামগ্রী ও টায়ার মজুত ছিল। আগুনের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সংবাদমাধ্যমগুলো বলছে, জুলাইয়ের পর থাইল্যান্ডে এটি দ্বিতীয় বড় প্রাণঘাতী অগ্নিকাণ্ড; চার মাস আগে ব্যাংককের একটি বারে আগুনে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন।








