আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড ও কমিটির সভায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নিয়োগ দেয়া হয়। আইসিসির পরিচালকদের সর্বসম্মত প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে, যা তার নেতৃত্বের ওপর বোর্ডের দৃঢ় আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এর আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইসিসির পরিচালকদের পক্ষ থেকে তার নাম প্রস্তাব করা হয়।
পুনর্নিয়োগ পাওয়ার পর এক বিবৃতিতে জয় শাহ বলেন, আইসিসি বোর্ড যে আস্থা রেখেছে তাতে তিনি গভীরভাবে সম্মানিত। তিনি প্রতিটি পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই দায়িত্ব পালন করা তার জন্য একই সঙ্গে সম্মান ও বড় চ্যালেঞ্জের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে সদস্য দেশগুলোর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার বাড়ানো, সমর্থকগোষ্ঠী সম্প্রসারণ এবং বাণিজ্যিক সাফল্য অর্জনের দিকে নজর দিচ্ছে আইসিসি। অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য প্রত্যেক পরিচালকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তিনি জানান, বর্তমানে ক্রিকেট এক রোমাঞ্চকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৮ সালের লস অ্যানজেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তিকে তিনি এই খেলার জন্য বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। জয় শাহর মতে, এটি নতুন দর্শকের কাছে ক্রিকেটকে পৌঁছে দেওয়ার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার এক অনন্য সুযোগ।
সামনের দিনের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, কেবল সফল টুর্নামেন্ট আয়োজনই আইসিসির একমাত্র লক্ষ্য নয়। বরং খেলোয়াড়, সমর্থক এবং বাণিজ্যিক অংশীদারদের সহায়তায় ক্রিকেটের একটি টেকসই ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলা তার মূল অগ্রাধিকার। বড় পরিকল্পনাগুলো বাস্তবায়ন এবং মাঠের উন্নয়নের মাধ্যমে খেলাটির ইতিহাসের গুরুত্বপূর্ণ এই সময়ে স্থায়ী অবদান রাখতে চান তিনি। জয় শাহ আরও বলেন, আমরা আমাদের খেলাধুলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি।
মানুষকে একত্রিত করার ক্ষেত্রে ক্রিকেটের অসামান্য শক্তির কথা পুনর্ব্যক্ত করে জয় শাহ বলেন, এটিই এই খেলার সবচেয়ে বড় শক্তি। তিনি জানান, বোর্ড ও সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে সব পরিকল্পনা বাস্তবে রূপান্তর করা হবে। কেবল সফল আয়োজন নিশ্চিত করাই নয়, বরং সমর্থক ও অংশীজনের প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের অগ্রগতি নিশ্চিত করাই হবে তার নতুন মেয়াদের প্রধান লক্ষ্য।






