রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে বলে বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৭১ জন সদস্য রয়েছেন। ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানিয়েছেন, নাশকতা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, রমনা বিভাগে ৫০ জন, লালবাগে ৭০ জন, ওয়ারীতে ৯১ জন, মতিঝিলে ৫৮ জন, তেজগাঁওয়ে ৬৮ জন, মিরপুরে ১৪৩ জন, গুলশানে ২৯ জন ও উত্তরায় ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয় বলে ডিএমপি জানিয়েছে।
অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১টি ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও নয় বোতল এস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, প্রায় পৌনে দুই লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধারের কথা জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপি জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের বরাতে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ দলের অপতৎপরতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।






