গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসি গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ হামলা হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের অভিযোগ—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
পরিবারের সদস্যদের দাবি, সকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এ সময় মোসাদ্দিকের পৈতৃক বাড়িতে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি তাঁর চাচা বুরহানের (৫৫) বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মোসাদ্দিকের ফুফু আফিয়া বেগম জানিয়েছেন, হামলার আগে পরিবারের সদস্যরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় কেউ হতাহত হননি। তিনি আরও বলেন, হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় হামলাকারীরা তুলনামূলক কম ভাঙচুর করতে পেরেছে। এর আগে বুধবার রাতে একদল ব্যক্তি বাড়িটিতে আগুন ধরিয়ে দিলে বাড়ির একাংশ পুড়ে যায় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন; বৃহস্পতিবার সকালে আবারও সেখানে হামলা হয়।
মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ অভিযোগ করেছেন, সাবেক সংসদ সদস্য ফারুক খানের নির্দেশে তাঁর বাড়িতে হামলা হয়েছে। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, তাঁর গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালানো হয়েছে। তবে তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
এ ঘটনার নিন্দা জানিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেছেন, মোসাদ্দিকের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে এবং আগের রাতে তাঁর ফুফুর বাড়িতেও আগুন দেওয়া হয়েছে।








