পোশাকশ্রমিক ও শ্রমিকনেতাদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান জানাতে বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইউএনবি জানিয়েছে, ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মানবাধিকার সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
অ্যামনেস্টি বলেছে, শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠিত হওয়ার স্বাধীনতা ও সম্মিলিতভাবে মজুরি বাড়ানোর দাবি জানানো শ্রমিকদের অধিকার। সংগঠনটি কর্তৃপক্ষকে হয়রানি বন্ধ করার পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সহিংসতায় জড়িতদের আলাদা করে দেখার আহ্বান জানিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই আহ্বান এসেছে ১৭ নভেম্বর গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি মোসাম্মৎ সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করার পর। মজুরি আন্দোলন নিয়ে একটি ওয়েবিনারে অংশ নেওয়ার পর তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া ও কারখানা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলমের বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতায় উসকানি দেওয়ার তথ্য পুলিশের কাছে ছিল এবং গত ৪ নভেম্বর সাভারে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে সংগঠনটির সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অ্যামনেস্টি জানিয়েছে, চলতি মাসের শুরুতে আরও পাঁচজন শ্রমিকনেতা গ্রেপ্তার হয়েছেন—তাঁরা হলেন মোস্তফা কামাল, রোজিনা আক্তার সুমি, মো. আলী আজগর, মো. মোর্শেদ আলম কাওসার ও মো. ফুয়াদুর রহমান নির্জন।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন (এফএলএ) ও আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) সুলতানা বেগম ও ইলিয়াসের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। দুই সংগঠন তাঁদের আটককে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








