বরিশালে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক ফারহান নাদিম, থানায় জিডি

Tajanews24

Published: নভেম্বর 19, 2026, 12:40 পূর্বাহ্ন

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সিনিয়র জজ শেখ ফারহান নাদিম নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে আদালত থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন। তিনি উজিরপুর ও মেহেন্দীগঞ্জের সিভিল জজ আদালতের বিচারকের দায়িত্বে রয়েছেন।

এ ঘটনায় বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা জজ আদালতের নাজির মাইনুল হাসান বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার তিনি আদালতেও উপস্থিত হননি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ আদালতে কর্মরতদের বরাত দিয়ে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় আদালতে আসেন বিচারক ফারহান নাদিম। বিচারিক কাজ শেষ করে তিনি আদালত প্রাঙ্গণ থেকে বের হন। রাত ১০টার দিকে তার স্ত্রী সহকর্মী বিচারকদের কাছে তার অবস্থান জানতে চাইলে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার বিকেলে রিকশাযোগে আদালত থেকে বের হন বিচারক। তিনি নগরীর সদর রোডের একটি পোশাকের শোরুমে যান এবং পরে গির্জা মহল্লা রোডের জামে কসাই মসজিদে এশার নামাজ আদায় করেন। রাত ১০টার দিকে তাকে নগরীর বাংলাবাজার এলাকায় দেখা যায়; এরপর তার অবস্থান আর শনাক্ত করা সম্ভব হয়নি।

ওসি আরও জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৫টা থেকে বিচারকের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে, ফলে ওই নম্বর ব্যবহার করে কোনো তথ্য সংগ্রহ করা যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তার সন্ধানে কাজ চলছে এবং নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছে।