মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) গার্মেন্টস অ্যাক্সেসরিজ তৈরির একটি কারখানা স্থাপন করতে যাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড। এ জন্য প্রতিষ্ঠানটি ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি ৬৭ লাখ টাকার বেশি।
কারখানাটি স্থাপনের লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। চুক্তিতে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক তাজউদ্দিন আহমেদ সজীব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
বেপজা জানিয়েছে, প্রস্তাবিত কারখানায় বছরে ১ কোটি ৯৫ লাখ কেজি গার্মেন্টস অ্যাক্সেসরিজ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। উৎপাদিত পণ্যের মধ্যে থাকবে পলি ব্যাগ ও শিট, গাম টেপ, স্কচ টেপ, প্যাকিং টেপ, মাস্কিং টেপ, প্রিন্টেড ও নন-প্রিন্টেড মাস্টার ও ইনার কার্টন, হ্যাং ট্যাগ, প্রাইস ট্যাগ, লেবেল পেপার, হেডার কার্ড, বারকোড ও বারকোড স্টিকার, নম্বর লেবেল, আরএফআইডি লেবেল, রাইডার, আঠালো টেপ ও সেলফ-অ্যাডহেসিভ স্টিকার।
প্রকল্পটি পুরোপুরি চালু হলে ৪৪৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৪৫০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে বেপজা জানিয়েছে।
বেপজার তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে এবং আরও ছয়টি প্রতিষ্ঠান বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে আছে। এই ইপিজেডের কারখানাগুলোতে এখন পর্যন্ত ১৬ হাজার ১৬৭ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে।








