রাতে বাসায় ডিবির হানা, শ্রমিকনেতারা ঘরে থাকতে পারছেন না: আইবিসি

Tajanews24

Published: নভেম্বর 19, 2026, 9:18 পূর্বাহ্ন

চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পুলিশি অভিযানে ফেডারেশনগুলোর আঞ্চলিক কার্যালয় বন্ধ রাখতে বাধ্য হওয়ার অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। সংগঠনটির নেতারা বলেছেন, প্রতি রাতে শ্রমিকনেতাদের বাসায় গোয়েন্দা পুলিশ হানা দিচ্ছে। সব মিলিয়ে ভীতিকর পরিবেশ তৈরি হওয়ায় অনেক নেতা নিজের বাসায় থাকতে পারছেন না বলে প্রথম আলো জানিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আইবিসির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মীর আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক আমিন, সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ও রুহুল আমিন উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সালাউদ্দিন স্বপন বলেন, চলমান আন্দোলনের সময় আইবিসির অন্তর্ভুক্ত ফেডারেশনগুলোর আঞ্চলিক পর্যায়ের ১২ জন শ্রমিকনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অনেক সাধারণ সদস্য ও শ্রমিককেও গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

সালাউদ্দিন স্বপন বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে আসছে, এই আন্দোলনে তৃতীয় পক্ষ অর্থাৎ ক্ষমতাচ্যুত সাবেক সরকারের লোকজন ঢুকে পড়েছেন এবং তারাই আন্দোলনকে ধ্বংসাত্মক রূপ দিচ্ছেন। তাহলে কোনো বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত না থাকা নির্দোষ শ্রমিকনেতাদের কেন গণহারে গ্রেপ্তার করা হচ্ছে এবং কেন তারা এলাকায় থাকতে পারছেন না, সেই প্রশ্ন তোলেন তিনি। আইবিসির নেতারা আরও বলেন, যেসব কারখানার শ্রমিকেরা কাজ করতে চান, সেসব কারখানায় শ্রম আইনের ১৩ (১) ধারা ব্যবহার করে কারখানা বন্ধ করে শ্রমিকদের মজুরি থেকে বঞ্চিত করা যাবে না।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বুধবার তাদের পর্যালোচনায় পোশাকশ্রমিকদের মজুরি আলোচনা ১৮ হাজার থেকে ২৪ হাজার টাকার মধ্যে হওয়া উচিত বলে মত দিয়েছিল। সংবাদ সম্মেলনে আইবিসির জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুল হক আমিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, শ্রমিক সংগঠনগুলো ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছে, সেখানে হঠাৎ গবেষণা করে এর চেয়ে কম মজুরির প্রস্তাব দেওয়ার কর্তৃত্ব সিপিডিকে কে দিয়েছে।

সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, গ্রেপ্তার করা শ্রমিকনেতা ও শ্রমিকদের দ্রুত মুক্তি, ফেডারেশনগুলোর আঞ্চলিক পর্যায়ের নেতা-কর্মীদের পুলিশি হয়রানি বন্ধ, শ্রমিক তৌফিক শেখ ও মো. সেলিম হত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং নিহত ব্যক্তিদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান আইবিসির নেতারা। পাশাপাশি নিম্নতম মজুরি বোর্ডের চূড়ান্ত মজুরি ঘোষণা না হওয়া পর্যন্ত শ্রমিকদের কারখানার কাজে যোগ দিতে আহ্বান করেন তারা।