হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১ জনের

Tajanews24

Published: নভেম্বর 19, 2026, 12:20 পূর্বাহ্ন

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই ছয় শিশুর মৃত্যু হয়; তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন। একই ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৩৪ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে উপসর্গ নিয়ে ১ হাজার ৩৭৬ জন এবং নিশ্চিত হামে ২৫৮ জন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২২৪ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ জনে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৫৩ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৪, সিলেটে ১৫৯, বরিশালে ১৪৩, ময়মনসিংহে ১২৪, খুলনায় ৯১, রংপুরে ৪৭ এবং রাজশাহীতে ৩৫ জন আক্রান্ত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৩১৮ জন এবং মৃত্যু হয়েছে ৫০৮ জনের।