দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জন মারা গেছেন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৬ জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। বাকি তিনজনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৯৫ জনের এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৩৫ জনের শরীরে। সব মিলিয়ে এক দিনে নতুন রোগীর সংখ্যা ১ হাজার ৩৩০ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৬৪ জন, চট্টগ্রামে ২২৬ জন, সিলেটে ১৮৩ জন, বরিশালে ১২৯ জন, খুলনায় ১১৮ জন, ময়মনসিংহে ৭৩ জন, রাজশাহীতে ২৩ জন এবং রংপুরে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৫৫৩ জন। সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
এদিকে হামের পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্ক থাকার কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলোতে রোগীর চাপ অব্যাহত থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।








