জুলাই গণ-অভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল রোববার (২২ নভেম্বর) এ আদেশ দেন। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
ট্রাইব্যুনাল আগামী ১৫ ডিসেম্বর এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন। আদেশের পর প্রসিকিউটর গাজী এম এইচ তামীম সাংবাদিকদের জানিয়েছেন, অভিযোগের পক্ষে দালিলিক সাক্ষ্য, ভিডিও ফুটেজ, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য এবং ইয়ামিনের পরিবারের সদস্যদের সাক্ষ্য ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ প্রমাণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন।
মামলার ১৯ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, সাবেক সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলী, সাবেক নায়েক মো. সুহেল মিয়া, সাবেক কনস্টেবল মো. মাহফুজ মিয়া এবং ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমান। রোববার সকালে তাঁদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি ১৩ আসামি পলাতক রয়েছেন; তাঁদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান ও আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের (এপিসি) কাছে নিয়ে যাওয়া হয় এবং দুপুর দেড়টার দিকে তাঁর বুকের বাঁ পাশে গুলি করা হয়। এরপর তাঁকে যানটির ওপরে তুলে এলাকায় ঘুরিয়ে আন্দোলনকারীদের ভয় দেখানো হয় এবং মুমূর্ষু অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এপিসি থেকে টেনে ফেলে দেওয়ার ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
নিহত আশহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে গত ২৬ জুলাই প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-২ এবং ৭ সেপ্টেম্বর পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়।








