প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের বৈঠকে কোনো শর্ত দেওয়ার বিষয় ছিল না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এনসিপির প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরেছেন এবং প্রধানমন্ত্রী সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন।
এর আগে দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়ে বেলা ২টায় শেষ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। বৈঠকে মাহদী আমিন ও সংসদীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহমদ অপুও উপস্থিত ছিলেন।
মাহদী আমিন বলেন, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই দেশের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, নতুন করে ঐক্য প্রতিষ্ঠার কিছু নেই; সরকার সেই ঐক্যকে আরও সুসংহত করতে চায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও জানান তিনি।
সংস্কার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকারের অবস্থান সুস্পষ্ট—বিএনপি সরকার নোট অব ডিসেন্ট মেনেই জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়ন করবে, এ ক্ষেত্রে সামান্যতম বিচ্যুতির সুযোগ নেই। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও একই অঙ্গীকার করেছেন বলে তিনি উল্লেখ করেন। বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য এবং সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে বৈঠক শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, বিচার এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। এনসিপি সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে জাতীয় ঐক্যের প্রধান ভিত্তি করার প্রস্তাব দিয়েছে এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথের আহ্বান জানিয়েছে; তবে বৈঠকের সাফল্য সরকারের পরবর্তী কার্যকর পদক্ষেপের ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।








