সেন্ট্রাল আফ্রিকায় জাতিসংঘ মিশনে রেকর্ড আট পুলিশ কর্মকর্তা মোতায়েন বাংলাদেশের

Tajanews24

Published: নভেম্বর 23, 2026, 7:30 অপরাহ্ন

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) ইন্ডিভিজ্যুয়াল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে যোগ দিতে বাংলাদেশ পুলিশের আট কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। পুলিশ সদর দপ্তর সোমবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই মিশনে বাংলাদেশ পুলিশের এটিই এখন পর্যন্ত সর্বোচ্চসংখ্যক আইপিও মোতায়েন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মকর্তারা রোববার দুপুরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। আট সদস্যের এই দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তাঁরা বর্তমানে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন এবং সেখান থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মিশন এলাকায় যাওয়ার কথা রয়েছে তাঁদের।

মিনুস্কার পূর্ণরূপ ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। আইপিও হিসেবে দায়িত্ব পেতে জাতিসংঘের অধীনে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এবং এই কর্মকর্তারা কোনো কন্টিনজেন্ট বা দলের অংশ হিসেবে নয়, স্বতন্ত্রভাবে মনোনীত হয়ে দায়িত্ব পালন করেন বলে পুলিশ সদর দপ্তর জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এতে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব, সক্ষমতা ও প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সদর দপ্তর আরও জানিয়েছে, এই উদ্যোগ আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।