৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে আর হলে ঢুকতে দেওয়া হবে না বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে পিএসসি জানিয়েছে, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রমে সাজানো হবে। এ ছাড়া প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন প্রক্রিয়ায় সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে।
পিএসসি বলেছে, দৈবচয়ন প্রক্রিয়ায় নিজের আসন ও কক্ষ চিহ্নিত করতে কিছুটা সময় লাগতে পারে। এ কারণেই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনার কথা পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায়ও উল্লেখ রয়েছে বলে কমিশন জানিয়েছে।
আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দেশের সরকারি হাসপাতালগুলোয় চিকিৎসক-সংকট কাটাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে — এর মধ্যে সহকারী সার্জন চার হাজার ৭০০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০০ জন। পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী।








