আড়াই বছর বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার থেকে আবার মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় ১১২ জন কর্মী সন্ধ্যায় ফ্লাইটে ঢাকা ছাড়বেন বলে জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে।
বোয়েসেল জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছাড়বে। তার আগে বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মীদের বিদায় জানাবেন। সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হচ্ছে।
নির্বাচিত ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসে ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। ‘শূন্য মানে শূন্য’ নীতিতে বাস্তবায়িত এ কর্মসূচিতে কর্মীদের বোয়েসেল কিংবা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হয়নি বলেও জানানো হয়।
বোয়েসেলের তথ্য অনুযায়ী, পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক্-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশে কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা খরচ হচ্ছে, আর ভিসা ফি ও বিমান টিকিটের পুরো ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান। এতে জনপ্রতি আনুমানিক দুই লাখ টাকা হিসাবে কর্মীদের প্রায় ২ কোটি ১০ লাখ টাকা সাশ্রয় হচ্ছে বলে সংস্থাটি জানিয়েছে।
কর্মী বাছাই প্রক্রিয়া দালালমুক্ত ও স্বচ্ছ ছিল দাবি করে বোয়েসেল জানিয়েছে, অনলাইনে আবেদনকারীদের মধ্য থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়, পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে ১১২ জনকে চূড়ান্ত করা হয়। সংস্থাটি আরও জানিয়েছে, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নেওয়ার চাহিদা পাওয়া গেছে — এর মধ্যে টপ গ্লোভে ৩৭৯ জন, ইউনাইটেড প্লান্টেশনে ৫২৫ জন ও তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন রয়েছেন। সরকারি এ কর্মসূচিতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়ে বোয়েসেল বলেছে, সংস্থাটির নামে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে।







