নওগাঁর মান্দা উপজেলায় বাঁশঝাড় থেকে সিয়াম হোসেন (২০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সিয়াম আর ফেরেননি। রাতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পান স্বজনেরা। পরে শুক্রবার সকালে কালিগ্রাম-দোডাঙ্গী সড়কের পাশের বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে বাবা নজরুল ইসলাম ছেলের মরদেহ শনাক্ত করেন।
নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে লেখাপড়া না করায় সম্প্রতি উপার্জনের জন্য তাঁকে একটি চার্জারভ্যান কিনে দিয়েছিলেন তিনি। তাঁর অভিযোগ, দুর্বৃত্তরা ছেলেকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, সিয়ামের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।








