শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে ভারতে সরল প্রায় ২৫ কোটি ডলারের পোশাকের ক্রয়াদেশ: রয়টার্স

Tajanews24

Published: নভেম্বর 27, 2026, 9:19 পূর্বাহ্ন

শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়া আর বাড়তি খরচের চাপে বাংলাদেশ থেকে অন্য দেশে ক্রয়াদেশ সরিয়ে নিচ্ছে বিশ্বের বড় ফ্যাশন ব্র্যান্ডগুলো। রয়টার্স জানিয়েছে, নভেম্বরের প্রথমার্ধে জারা ও এইচঅ্যান্ডএমসহ আন্তর্জাতিক খুচরা বিক্রেতারা তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ বাংলাদেশ থেকে এশিয়ার অন্য উৎপাদন কেন্দ্রগুলোতে সরিয়ে নিয়েছে। তিনজন কারখানামালিকের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরে গেছে, যার বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে।

তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি জোগান দেয় এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) হিসাবে, চলমান বিক্ষোভে এই খাতে উৎপাদন ক্ষতি ইতিমধ্যে ৪০ কোটি ডলার ছাড়িয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। শিল্পনেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্প-খরচের সুবিধা কমিয়ে দিচ্ছে; ভারতের পাশাপাশি ক্রেতারা এখন ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।

বুধবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরিতে ৩৬ শতাংশ বৃদ্ধি অনুমোদন পেলেও তা শ্রমিকদের দাবির তুলনায় অনেক কম হওয়ায় নতুন করে সংঘর্ষ হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে শনিবার থেকে সব শ্রমিকের কাজে ফেরার আশা প্রকাশ করেছেন। অন্যদিকে বিজিএমইএর পরিচালক এম. মহিউদ্দিন চৌধুরী রয়টার্সকে বলেছেন, মজুরি, ইউটিলিটি ও কাঁচামালের খরচ বাড়ায় প্রস্তুতকারকেরা আরও চাপে পড়েছেন, আর ক্রেতারা এখন দামের চেয়ে সরবরাহের সময়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

কারখানামালিকদের আশঙ্কা, সাময়িকভাবে সরে যাওয়া ক্রয়াদেশ ভবিষ্যতের ব্যবসাও কেড়ে নিতে পারে। তাঁদের হিসাবে, ঢাকার আশপাশের কারখানাগুলো ইতিমধ্যে ২০ থেকে ২৫ উৎপাদন দিবস হারিয়েছে; নির্ধারিত সময়ে পণ্য পাঠাতে কেউ কেউ ওভারটাইম ও ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছেন। ইউরোপীয় ব্র্যান্ডগুলোতে সরবরাহকারী আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম রয়টার্সকে বলেছেন, ১ নভেম্বর থেকে তাঁর বেশির ভাগ ক্রেতাই অসন্তোষের কারণে নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ করে দিয়েছেন; ক্রয়াদেশ স্থানান্তর, স্থগিত বা বাতিলের কথা তাঁকে জানানো হয়েছে।

শিল্পনেতারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্ন উৎপাদন ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি। মহিউদ্দিন চৌধুরীর ভাষ্য অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী দেশগুলো ৬০ থেকে ৯০ দিনে উৎপাদন ও সরবরাহ শেষ করতে পারলেও বাংলাদেশে লাগে প্রায় ১২০ দিন, ফলে সময়ের দিক থেকেও চাপ বাড়ছে। তিনি সতর্ক করে বলেছেন, অস্থিরতার সময়ে সরে যাওয়া ক্রয়াদেশ পরিস্থিতি স্বাভাবিক হলেও আর ফিরে নাও আসতে পারে; তাই সাময়িক স্থানান্তর যেন দীর্ঘমেয়াদি সোর্সিং সিদ্ধান্তে রূপ না নেয়, সে জন্য ক্রেতাদের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ।