ঢাকা থেকে জেদ্দাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটের উড্ডয়ন উড্ডয়নের ঠিক আগে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় বাতিল করা হয়েছে। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির উড্ডয়নের ঠিক আগে ককপিটে যন্ত্রের নির্দেশনায় অসংগতি দেখা দিলে পাইলট যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন।
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেশন মিসম্যাচ’ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিলের সময় রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া তৈরি হয় বলে সংস্থাটি জানিয়েছে।
তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, উড্ডয়নের সময় পাইলট কারিগরি ত্রুটি বুঝতে পেরে আর উড্ডয়ন করেননি; এ সময় আগুনের ঘটনা ঘটেনি, তবে উড়োজাহাজটির ডানপাশের ল্যান্ডিং গিয়ারের অংশে ধোঁয়া উড়তে দেখা গেছে। কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে, তা প্রকৌশলীরা ভালো বলতে পারবেন বলেও তিনি জানান।
নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয় এবং যাত্রীদের নামিয়ে আনা হয় বলে ইউএস-বাংলা জানিয়েছে। ফ্লাইটটির সব যাত্রী নিরাপদে বিমানবন্দরের টার্মিনালে রয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, ওই যাত্রীদের নিয়ে কিছুক্ষণের মধ্যে তাদের আরেকটি উড়োজাহাজ জেদ্দার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।







