নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মতিলাল (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সমকাল জানিয়েছে, রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার নিতপুর দিয়ারাপাড়া সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সন্ধ্যায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মতিলাল ভারতের মালদা জেলার হাবিবপুর থানার কাঁঠালবানপুর গ্রামের নাইকি মুর্মুর ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে নিতপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টহলদল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ২৩০/১৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিয়ারাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করে।
বিজিবি জানিয়েছে, সকালে নিতপুর বিওপির টহলদল নিয়মিত টহল দিচ্ছিল। এমন সময় একজন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে—এমন সংবাদ পেয়ে টহলদল দিয়ারাপাড়া এলাকায় অভিযান চালায় এবং মতিলালকে আটক করে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মানবপাচারকারী বলে স্বীকার করেছেন এবং মানবপাচারের উদ্দেশ্যেই তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী মো. রাসেল নামের এক বাংলাদেশি নাগরিকও মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাঁর পরিচয় শনাক্ত ও তাঁকে আটকের জন্য অনুসন্ধান চলছে। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।








