নিখোঁজের একদিন পর চিত্রনায়িকা মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলালকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার একটি ক্লিনিক থেকে তাঁকে উদ্ধার করা হয়। বর্তমানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মেঘলা মুক্তা জানান, তিনি এখনো কথা বলার মতো অবস্থায় নেই, তাই বর্তমানে তাঁর চিকিৎসা ও সুস্থতাই পরিবারের কাছে মুখ্য বিষয়।
বাবার সন্ধান পাওয়ার পেছনের ঘটনা বর্ণনা করে এই অভিনেত্রী জানান, সোশ্যাল মিডিয়ায় বাবার ছবিসহ সাহায্য চেয়ে দেওয়া পোস্টটি ক্লিনিক কর্তৃপক্ষের একজনের নজরে আসে। তিনি ছবি দেখে মেঘলার বাবাকে চিনতে পেরে দ্রুত পরিবারকে যোগাযোগ করেন। খবর পেয়ে স্বজনরা ক্লিনিকে গিয়ে মিজানুর রহমানকে শনাক্ত করেন। ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁদের কাছে কে বা কারা তাঁকে রেখে গিয়েছিল সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। তবে উদ্ধারকালে তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল বলে জানা গেছে। বাবা কথা বলতে শুরু করলে ঘটনার প্রকৃত রহস্য জানা সম্ভব হবে বলে আশা করছেন মেঘলা।
নিখোঁজ মিজানুর রহমান দুলাল ঢাকা ওয়াসার একজন প্রথম শ্রেণির ঠিকাদার। দীর্ঘদিন ধরে তিনি বড় বড় প্রকল্প তদারকির কাজ করে আসছেন। সোমবার রাতে উত্তরখান এলাকায় নির্মাণাধীন বাড়ির কাজ তদারকি শেষে বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হন তিনি। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাত বাড়লে দুশ্চিন্তাগ্রস্ত পরিবার উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে সেই জিডি নিয়ে পরিবারের সদস্যরা উত্তরায় অবস্থিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) কার্যালয়ে যান। সেখানে মোবাইল নম্বর ট্র্যাক করে তাঁর অবস্থান শনাক্তের প্রক্রিয়া চলাকালেই ক্লিনিকে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মেঘলা মুক্তা জানান, এর আগে বাবাকে খুঁজে পেতে তিনি ফেসবুকে তিনটি ছবিসহ আবেগঘন পোস্ট দিয়ে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছিলেন।
অভিনয়শিল্পী মেঘলা মুক্তা বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ ভারতের তেলেগু চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ‘সাকালা কালা ভাল্লাভুডু’ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। বাংলাদেশে তাঁর অভিনীত চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ এবং ‘আগুনের পাখি’র মতো সিনেমাগুলো।








