উন্নয়ন অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে আন্তর্জাতিক পুঁজিবাজারে যাওয়ার পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে জানুয়ারির শুরুতে বাংলাদেশের প্রথম সভরেন বন্ড ছাড়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে আন্তর্জাতিক ঋণ সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের যৌথ আয়োজনে দুই দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পের বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে বিকল্প অর্থায়নের উৎস খুঁজতে হবে এবং প্রচলিত বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় ঋণদাতাদের ওপর নির্ভরতা কমাতে হবে। শুধু স্থানীয় বাজারে বন্ড ছাড়লে বৈদেশিক মুদ্রার প্রয়োজন মেটানো যাবে না বলেও তিনি উল্লেখ করেন। বহিঃঋণ পরিশোধের চাপ ও সুদের ব্যয় বাড়তে থাকায় সরকার নতুন ঋণ ব্যবস্থাপনা কৌশল নিয়ে কাজ করছে বলে তিনি জানান।
সরকারের অন্য পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, নিউইয়র্কে ডলার-ভিত্তিক বন্ড এবং হংকংয়ে বাংলাদেশকেন্দ্রিক একটি ইকুইটি ফান্ড চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে জাপানে সামুরাই বন্ড, চীনে পান্ডা বন্ড এবং দেশের বাজারে সুকুক বন্ড ছাড়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শারিয়ার গানি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে চায় সরকার। বন্ডটি নিউইয়র্ক বা লন্ডন বাজারে ছাড়া হতে পারে। তবে বন্ডের আকার ও কত অর্থ তোলা হবে, তা এখনো ঠিক হয়নি বলে তিনি জানান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সরকার ওই কর্মসূচি থেকে সরে আসছে না। বরং আইএমএফের শর্তগুলো দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও সরকারের পাঁচ বছরমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গে মিলিয়ে নেওয়ার কাজ চলছে। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে এ প্রক্রিয়া শেষ হয়ে কর্মসূচি স্বাভাবিক ধারায় ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ আলোচনা করছে বলেও তিনি জানান।







