ডিসেম্বরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং ভারতে পলাতক আসামিদের দেশে ঢোকার চেষ্টা প্রতিরোধে সীমান্তের সব ফাঁড়িকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বিজিবি ব্যাটালিয়ন সীমান্তে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণে নাইট-ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শনের পর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ এসব ব্যবস্থার কথা জানান।
লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের অভিযানিক ও গোয়েন্দা কার্যক্রমের অংশ হিসেবে টহল বাড়ানো হয়েছে। ২৫ ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় জনবলও প্রায় দ্বিগুণ করা হয়েছে এবং সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে তিনি জানান।
বিজিবি অধিনায়ক আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মামলার পলাতক আসামিদের অবৈধভাবে দেশে প্রবেশ বা দেশ ছাড়া ঠেকাতে সব সীমান্ত ফাঁড়িকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পরিদর্শনের সময় তিনি সীমান্তে মোতায়েন সদস্যদের বিভিন্ন নির্দেশনাও দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানসংক্রান্ত মামলায় দণ্ডিত ও বর্তমানে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চাইছেন—এমন খবরের প্রেক্ষাপটে এই বাড়তি নজরদারি এসেছে। গণমাধ্যমের খবরে তার নতুন পাসপোর্ট চাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।








