দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয় বলে রূপপুর প্রকল্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে সিনক্রোনাইজ করার মধ্য দিয়ে কেন্দ্রটির ট্রায়াল রান শুরু হয়েছে। বিকেল ৩টা ৪৫ মিনিটে কেন্দ্রটির উৎপাদন ছিল ৩৫০ মেগাওয়াট। গ্রিড সংযোগের সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন বলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক এই পরীক্ষামূলক সংযোগে আট থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এরপর কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করা হবে।
কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার অর্থ বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। পরবর্তী ধাপের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন লাগবে। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
রূপপুর কেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে; দুটি ইউনিটের মোট ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। এর আগে গত ১১ অক্টোবর প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।








