পল্লবী ও মহাখালীতে রাতে দুই বাসে আগুন, পল্লবীতে আটক ১

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 4:28 অপরাহ্ন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঘটা এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। এর মধ্যে পল্লবীর ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হয় বলে পল্লবী থানা-পুলিশ জানিয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়েছে এবং বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে বলেও তিনি জানান।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

বনানী থানার ওসি মো. সালাউদ্দিন টিবিএসকে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং বিস্তারিত পরে জানানো হবে। দুই ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।