যাত্রাবাড়ীতে নামি ব্র্যান্ডের নামে নকল গিজার তৈরি, কারখানা সিলগালা ও ২ লাখ টাকা জরিমানা

Tajanews24

Published: নভেম্বর 17, 2026, 5:41 অপরাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ীতে নামি দুটি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল গিজার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কারখানা সিলগালা করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই জানিয়েছে, প্রতিষ্ঠানটি বিআরবি ও আর.এ.কে ব্র্যান্ডের নাম ব্যবহার করে কোনো বৈধ সিএম লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল।

পণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানে পাওয়া অনিয়মের দায়ে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেন এবং কারখানাটি সিলগালা করেন বলে বিএসটিআই জানিয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সার্বিক সহযোগিতা করে। বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

শীত মৌসুম সামনে রেখে বাজারে গিজারের চাহিদা বাড়ার এই সময়ে নকল ও নিম্নমানের বৈদ্যুতিক পণ্য কিনে ভোক্তারা প্রতারণার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিতেও পড়তে পারেন। বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।