গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার এক মাসেরও কম সময় বাকি থাকতে বাংলাদেশের অবস্থান ও ভারতের সঙ্গে আলোচনার পরবর্তী পদক্ষেপ পর্যালোচনায় আজ বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসার কথা রয়েছে। নর্থইস্ট নিউজ জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এই বৈঠকের খবর পাওয়া গেছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টারা ও সরকারের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
এর আগের দিন মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, চুক্তির বিষয়ে নতুন কোনো তথ্য এখনো নেই, তবে বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ কী চায় ও কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে জানানো হবে। মেয়াদ শেষের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই বলেও তিনি জানান এবং বলেন, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার সঙ্গে প্রধানমন্ত্রীর সফর সরাসরি যুক্ত নয়।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। নর্থইস্ট নিউজ জানিয়েছে, চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী পারস্পরিক সম্মতিতে এটি নবায়ন করা যায়। এই চুক্তিতে পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারাজ পয়েন্টে ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে গঙ্গার পানি কীভাবে ভাগ হবে, তা নির্ধারণ করা আছে এবং এর বণ্টনসূত্র ১৯৪৯ থেকে ১৯৮৮ সালের প্রবাহের তথ্যের ভিত্তিতে তৈরি।
নর্থইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী, শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানির নিশ্চয়তা বাংলাদেশের প্রধান উদ্বেগ; এ সময় পানি কমে গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য, নৌচলাচল ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। পানিসম্পদমন্ত্রী এ্যানি শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রাপ্য হিস্যা নিশ্চিত করতে আরও শক্তিশালী গ্যারান্টি বিধানের কথা বলেছেন এবং ঢাকা পুরোনো চুক্তির সাধারণ মেয়াদবৃদ্ধির বদলে নতুন চুক্তি চাইছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ৩ নভেম্বর বলেন, চুক্তির মেয়াদ শেষের আগে প্রস্তাবিত যৌথ নদী কমিশনের বৈঠক নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই; নদীসংক্রান্ত বিষয় যৌথ নদী কমিশনের মাধ্যমেই আলোচনা হওয়া উচিত বলে ভারতের অবস্থান এবং কারিগরি পর্যায়ের আলোচনা চলমান রয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।








