দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই পাঁচজনের মৃত্যু হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হাম-সন্দেহজনক কারণে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের হালনাগাদ তথ্য অনুযায়ী, মোট মৃত্যুর মধ্যে ১ হাজার ২১৮ জন সন্দেহভাজন ও ১০৫ জন পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন ও চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন। এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে অধিদপ্তর জানিয়েছে।
একই ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৪৫৬ জন, এরপর চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৬৩, বরিশালে ১৪০, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৬৯, রাজশাহীতে ২৬ ও রংপুরে ১৫ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জনে।
অধিদপ্তর আরও জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষায় নতুন করে ৮৬ জনের হাম নিশ্চিত হয়েছে, ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ২৫ হাজার ৬২৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম-সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৪ হাজার ৮০ জন, যাদের মধ্যে ২ লাখ ১৫ হাজার ৬৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।








