রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়িগুলো উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধের মুখে পড়ে। এরপর বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে পর্যটকদের গাড়িবহর খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অবরোধকারীদের সঙ্গে উত্তেজনার সৃষ্টি হয় এবং এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, দুপুর সাড়ে ১২টার দিকেও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলছিল। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতির মুখে আটকে পড়া পর্যটকদের বিশেষ নিরাপত্তায় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই সড়ক অবরোধের ডাক দেয়। সংগঠন দুটির অভিযোগ, সাজেকের বিভিন্ন এলাকায় সশস্ত্র ব্যক্তিদের নিয়মিত তৎপরতা ও হুমকির কারণে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এলাকায় সশস্ত্র তৎপরতা বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন।
এদিকে, এই পরিস্থিতির কারণে রাঙামাটি জেলা প্রশাসন বুধবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। সেখানে অবস্থানরত সব পর্যটককে বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিরাপদ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির সার্বিক অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে এই সতর্কতা জারি করা হয়।

