আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই থানায় নেওয়ার নির্দেশ ইশরাকের

Tajanews24

Published: নভেম্বর 18, 2026, 7:58 পূর্বাহ্ন

নিজ সংসদীয় আসন ঢাকা-৬ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর অবস্থানের খবর পাওয়া গেলেই তাঁদের থানায় নিয়ে যেতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। যুগান্তর জানিয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

পোস্টে ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি ও সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন বলে ঢাকা মেইল জানিয়েছে। প্রতিটি এলাকায় মিছিলসহ পাহারা দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পালাক্রমে দিন ও রাতজুড়ে এই পাহারা কার্যক্রম জারি রাখতে হবে। কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের সংবাদ পাওয়া গেলে তাঁদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মধ্যে রাজধানীর পুরান ঢাকার এই আসনে দলীয় নেতাকর্মীদের এমন সতর্ক অবস্থানের নির্দেশ এলো। তবে এ নির্দেশনা নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।