পোশাক খাতে প্রতি বছর ন্যূনতম মজুরি পর্যালোচনার আহ্বান মার্কিন পোশাক সংগঠনের

Tajanews24

Published: নভেম্বর 19, 2026, 9:00 অপরাহ্ন

তৈরি পোশাক খাতে প্রতি বছর ন্যূনতম মজুরি পর্যালোচনার ব্যবস্থা চালু করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পোশাক ও জুতা খাতের সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। সংগঠনটি সতর্ক করেছে, দীর্ঘ বিরতির পর মজুরি সংশোধন হলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা কমে যায় এবং বারবার শ্রম অসন্তোষ দেখা দেয়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১৫ নভেম্বর পাঠানো এক চিঠিতে এএএফএর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন লামার বলেছেন, ২০২৩ সালের পর পোশাক খাতের ন্যূনতম মজুরি আর সমন্বয় করা হয়নি। অথচ এর মধ্যে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং জ্বালানির বাড়তি খরচ পরিবারগুলোর ওপর চাপ আরও বাড়িয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে সংগঠনটি বলেছে, প্রতি বছর মজুরি পর্যালোচনা হলে শ্রমিকদের ক্রয়ক্ষমতা ক্ষয় রোধ করা যাবে, মজুরি নির্ধারণ ঘিরে বারবার তৈরি হওয়া উত্তেজনা কমবে এবং শ্রমিক ও মালিক—উভয় পক্ষের জন্যই মজুরি সমন্বয় ধীরে ধীরে ও অনুমানযোগ্যভাবে করা সম্ভব হবে। সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে এবং সাম্প্রতিক বিক্ষোভের পেছনের উদ্বেগগুলো নিয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে—এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এএএফএ।

সংগঠনটি শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নসহ সব সংশ্লিষ্ট পক্ষকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ ও তথ্যভিত্তিক প্রক্রিয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মজুরি নির্ধারণের নীতি অনুযায়ী ত্রিপক্ষীয় আলোচনা নিশ্চিত করা, সংগঠিত হওয়ার স্বাধীনতা ও যৌথ দর-কষাকষির অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখানোর কথাও বলেছে তারা। চিঠিতে ইউনিয়ন সদস্যদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও ভয়ভীতি ঠেকানো এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা ও ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার প্রতিরোধে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এএএফএ জানিয়েছে, তারা ১ হাজার ১০০-এর বেশি পোশাক, জুতা ও সেলাইপণ্যের ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করে। সংগঠনটির মতে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাকের তৃতীয় বৃহত্তম সরবরাহকারী। এদিকে পোশাকশ্রমিকেরা মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহাল ও কালোতালিকাভুক্তি বন্ধের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মজুরি কাঠামো পর্যালোচনায় সরকার ১ নভেম্বর ছয় সদস্যের ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে।