নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কার্যত বিচ্ছিন্ন ও অবরুদ্ধ হয়ে পড়েছে গোপালগঞ্জ জেলা। ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও বাঁশ ফেলে রাস্তা অবরোধ করা হয়েছে। টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র হাতে নেতাকর্মীদের মহড়ায় সড়ক যোগাযোগ পুরোপুরি অচল হয়ে পড়েছে। সাধারণ মানুষ কর্মস্থলে যেতে পারছেন না, আটকা পড়েছে পণ্যবাহী যানবাহন। এছাড়া রোগী ও স্বজনরা চরম বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের লঞ্চঘাট, মাদ্রাসাঘাট ও পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। শহরের বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে এই মহড়ায় যুক্ত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমায়েত। তাদের দু’জন জানান, তারা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা থাকলেও ক্রেতার উপস্থিতি ছিল কম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও উপস্থিতি চোখে পড়েনি। জরুরি প্রয়োজনে এবং অফিসের উদ্দেশ্যে যারা বের হয়েছেন, তারাও যানবাহন না পেয়ে ভোগান্তিতে পড়েন।
শহরজুড়ে অস্ত্র হাতে মহড়া ও মাইকে ৭ই মার্চের ভাষণ বাজানোর পাশাপাশি বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলা মাঠ, হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়সহ বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব স্থানে নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে চুরির অভিযোগে দু’জনকে রেলিংয়ের সঙ্গে বেঁধে রাখতে দেখা যায়। অবরোধকারী নেতাদের দাবি, আগের রাতে মহাসড়কে চলাচলকারী অ্যাম্বুলেন্সসহ বেশ কয়েকটি গাড়িতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা হেঁটেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে প্রবেশের মুখে চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয়া হয়। সেখানে অবস্থান নেয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাদের অভিযোগ, আগের রাতে মহাসড়কে চলাচলকারী এম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি-ছিনতাই হয়েছে। এক প্রতিবন্ধকতা থেকে আরেক প্রতিবন্ধকতার মাঝখানে গিয়ে যাত্রীদের নামতে হচ্ছে। নীলা মাঠ এলাকা থেকে ঘোনাপাড়ার দিকে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন নারী। সন্ধ্যার পর যন্ত্রের সাহায্যে সড়কের পাশের গাছ কেটে মহাসড়কে ফেলে দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকে দ্রুত হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। নবজাতক কোলে এক নারীকে দৌড়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। প্রাথমিক পর্যায়ে তারা হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা করেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর পরপরই দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে সদরের পাঁচুড়িয়া এলাকায় বিএনপি’র কার্যালয়ও ভেঙে ফেলা হয়। মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুবীর কুমার সাহা জানিয়েছেন, থানায় হামলার সময় ৯০ জন পুলিশ সদস্য ছিলেন। হামলাকারীর সংখ্যা অনেক বেশি হওয়ায় একপর্যায়ে পুলিশ সদস্যরা সরে যেতে বাধ্য হন। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তীতে এ বিষয়ে জানানো সম্ভব হবে। হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
হামলার শিকার হয়েছে জেলা বিএনপির নেতাদের বাড়ি ও চিকিৎসাকেন্দ্রও। বুধবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে রাত ৯টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালানো হয়। হাসপাতালটি সদর থানা থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ভেতরে রোগী চিকিৎসাধীন ছিলেন, যা তাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। হামলাকারীরা হাসপাতালের জানালা ভেঙে আসবাবপত্র বের করে তাতে আগুন ধরিয়ে দেয়, যা পরে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনেন। আকস্মিক হামলায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভেতরে আটকে পড়া রোগীদের স্বজনদের অনেকেই বাইরে আহাজারি করছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এই সন্ত্রাসী কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গণতন্ত্রে বিশ্বাসী কোনো দল এমন কর্মকাণ্ড করতে পারে না।
তিনি দাবি করেন, দেশের মানুষ ২০২৪ সালে যেমন জবাব দিয়েছিল, ২০২৬ সালের ডিসেম্বরেও এই সন্ত্রাসী গোষ্ঠীকে তেমনি জবাব দেওয়া হবে। এদিকে, বুধবার রাত থেকেই গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর, গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল এবং গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়েছে। সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও শহরের ভেতর পুলিশের তৎপরতা ছিল সীমিত। বৃষ্টির মধ্যে অচল শহর ও আতঙ্কের পরিবেশে জেলাবাসী অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছেন। কোথাও কোথাও দূরত্ব বজায় রেখে বিজিবি’র টহল দিতে দেখা গেছে। জনগণের জানমাল ক্ষতিসাধনকারী এই সন্ত্রাসী গোষ্ঠীকে দেশের মানুষ ২৪ সালে যেভাবে জবাব দিয়েছে ২০২৬ সালের ডিসেম্বরে ঠিক সেভাবেই দিবে।








