আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণার পরদিনই কক্সবাজারের উখিয়ায় শরণার্থীশিবির পরিদর্শনে যান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে সেখানকার বাসিন্দারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সফরকালে ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে সরাসরি কথা বলার পরিকল্পনা রয়েছে তার।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয় যে, বাংলাদেশ সফরের অংশ হিসেবেই তার এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আইসিজের এই ঐতিহাসিক রায়ের পর দ্রুত নিরাপদে নিজেদের জন্মভূমিতে ফেরার পথ সুগম হবে বলে আশা করছেন শরণার্থীশিবিরের রোহিঙ্গারা। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং জানান, নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা পেলে তারা আর শরণার্থী হিসেবে থাকতে চান না, বরং দ্রুত নিজ দেশে ফিরে যেতে চান।








