সাভারে একেএইচ গ্রুপের একটি পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় দুই শ্রমিকনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, গ্রেপ্তার দুজন হলেন গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিটি ফোরামের সাভার উপজেলা কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম এমদাদ এবং একই সংগঠনের সদস্য দুলাল মিয়া।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, আগের রাতে পৌরসভার কাতলাপুর এলাকায় সংগঠনটির উপজেলা কার্যালয় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তদন্তে ওই ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরই গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। গ্রেপ্তার দুজনকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ১ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে একেএইচ গ্রুপের ওই কারখানায় একদল লোক হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ অন্তত ১ হাজার ২০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে।
মামলায় এ পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক সবুজ মিয়া। তিনি জানিয়েছেন, মামলার নথি দেখে আগামীকাল সংখ্যাটি জানানো যাবে এবং আরও গ্রেপ্তারের প্রয়োজন হবে।
এদিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন সেন্টারের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু। তাঁর অভিযোগ, চলমান শ্রমিক আন্দোলন দমনে পুলিশ গণগ্রেপ্তার ও হয়রানি করছে। তিনি গ্রেপ্তার নেতা ও শ্রমিকদের অবিলম্বে মুক্তি দাবি করে বলেছেন, মালিক, শ্রমিক ও শ্রমিকনেতাদের মধ্যে আলোচনাই শ্রমিকদের কাজে ফেরানোর পথ।








