ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে হলে এখন থেকে সরকারের অনুমোদন নিতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এ বিষয়ে নির্দেশনা দিয়েছে বলে বাসস জানিয়েছে।
পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সরকারি অনুমোদন ছাড়া এ ধরনের উদ্যোগ না নেওয়ার অনুরোধ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, নামকরণের পাশাপাশি এ ধরনের আয়োজনের প্রচার ও প্রচারণার ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে।
এনএসসির অধিভুক্ত কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা কিংবা তাদের আওতাধীন কোনো ক্লাব প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। ইতিমধ্যে পরিষদের পক্ষ থেকে দেশের সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, সংস্থা, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থাকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক টুর্নামেন্টের নামকরণে সরকারপ্রধান ও তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের রীতি চলে আসছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেই রীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতেই বর্তমান সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশনাটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। ফলে এখন থেকে জিয়া পরিবারের কারও নামে নতুন কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা টুর্নামেন্ট আয়োজনের আগে আয়োজকদের সরকারি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।







