সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কাজ চলছে। এই কার্যক্রমে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে সরাসরি তথ্য নেবেন। এ জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য আগে থেকে প্রস্তুত রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। বাসস জানিয়েছে, অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত একটি কর্মসূচি। প্রতিটি পরিবারকে এই শুমারির আওতায় আনতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ চলছে। তথ্য সংগ্রহকারীরা অতি শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কাগজপত্রের মধ্যে যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের কপি প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের জাতীয় পরিচয়পত্র এবং যাঁদের পরিচয়পত্র নেই, বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ হাতের কাছে রাখতে হবে। এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টের তথ্য এবং পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে বাড়ির ছবি, ওই নারীর ছবি এবং ফরমে স্বাক্ষর বা টিপসই দেওয়ার প্রস্তুতিও রাখতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাঁকে কোনো টাকা দেওয়া যাবে না। তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এই কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা তৈরিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে ভূমিকা রাখার অনুরোধ জানানো হয়েছে। সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট এলাকার ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতাও কামনা করা হয়েছে।








