ডিসেম্বরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

Tajanews24

Published: নভেম্বর 21, 2026, 8:20 অপরাহ্ন

বিজয়ের মাস ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই নেতাকে স্বাগত জানাতে প্রস্তুতি চলছে এবং তিন দেশের কর্মকর্তারা সফর দুটি চূড়ান্ত করার কাজ করছেন।

ইউএনবিকে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরটি সম্ভবত ৭ ও ৮ ডিসেম্বর হবে। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট তিন দিনের সফরে ১৩ ডিসেম্বর ঢাকায় পৌঁছাতে পারেন এবং ১৬ ডিসেম্বর ভোরে ঢাকা ছাড়ার কথা রয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, অভিবাসী কর্মীদের জন্য সুযোগ তৈরি, আঞ্চলিক যোগাযোগ জোরদার করা এবং আন্তর্জাতিক ফোরামে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ। মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের অন্যতম বড় গন্তব্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ উৎস, আর মালদ্বীপের ক্ষেত্রে বাণিজ্য, পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সুযোগ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি বছরের জুনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা দায়িত্ব নেওয়ার পর ছিল তাঁর প্রথম বিদেশ সফর। এ ছাড়া গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর ঢাকা সফরে এসে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছিলেন আনোয়ার ইব্রাহিম। কর্মকর্তাদের মতে, আসন্ন দুটি উচ্চপর্যায়ের সফরের মধ্য দিয়ে মালয়েশিয়া ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।