মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ। সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গ্রুপটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এসব তথ্য জানিয়েছেন।
বৈঠকে প্রতিনিধিদল মাতারবাড়ীতে প্রস্তাবিত এলপিজি ও এলএনজি টার্মিনালে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ীও একটি জ্বালানি কেন্দ্র বা এনার্জি হাবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সুং; দলে ছিলেন এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংও।
উপস্থাপনা শোনার পর প্রধানমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতে এসকে গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি বলেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এসকে গ্রুপের প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেছে। তারা জানায়, বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী। জ্বালানি খাতে বড় ধরনের বিদেশি বিনিয়োগ এলে মাতারবাড়ীকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।







