আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিন দিন ধরে এই সংলাপ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সংলাপে রাজনৈতিক দলগুলোর প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠকও হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে বলেও তিনি জানিয়েছেন। ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার জানিয়েছেন, তিন দিনের এই সংলাপে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।
প্রথম আলো জানিয়েছে, বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৯টি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না বলে ইসি সূত্রের বরাতে জানিয়েছে পত্রিকাটি। তবে জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত দলের সঙ্গে ইসির সংলাপ হয়েছিল, মূলত সেসব দলের সঙ্গেই এবারের আলোচনা হবে; পরে নিবন্ধন পাওয়া দলগুলোর সঙ্গেও আলোচনা করবে কমিশন। তিনি বলেছেন, ইউপি নির্বাচনের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, তবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন এবং প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। সমকাল জানিয়েছে, ইউপি নির্বাচন সামনে রেখে বুধবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।
এবারের ইউপি নির্বাচন হবে পাঁচ ধাপে ও নির্দলীয় প্রতীকে। ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।








