স্বর্ণদ্বীপে যৌথ মহড়া দেখে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী, বললেন সশস্ত্র বাহিনী যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 4:41 অপরাহ্ন

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ বাহিনীর প্রথম যৌথ মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বিকেল ৫টায় তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করে বলে তাঁর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ইউএনবিকে জানিয়েছেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজিম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক এই মহড়ার সমাপনী পর্বে অংশ নেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে পাশে বসিয়ে বারো আউলিয়া খাল এলাকা থেকে ভিউ পয়েন্ট-১ পর্যন্ত আট কিলোমিটার পথ এটিভি মডেলের হালকা সাঁজোয়া যান নিজে চালিয়ে অতিক্রম করেন। পথে তিনি তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন, মহড়াস্থলে বাহিনীর সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং ভিউ পয়েন্ট-১ এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।

ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবার আয়োজিত এই যৌথ মহড়া সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব, সমন্বয় ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির প্রমাণ। তাঁর ভাষায়, এই মহড়া বিশ্বদরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। মহড়াটিকে তিনি সশস্ত্র বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেও বর্ণনা করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই মহড়ায় সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকারের দূরদর্শী পরিকল্পনা ও অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। দিনের কর্মসূচি শেষে হেলিপ্যাডে তিন বাহিনীর প্রধান তাঁকে বিদায় জানান। বঙ্গোপসাগরে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামেও পরিচিত, আর এবারই প্রথম কোনো সরকারপ্রধান সেখানে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শন করলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।