রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত এফআর টাওয়ার নতুন করে খোলার তোড়জোড় চলছে। যুগান্তর জানিয়েছে, ভবনটির ভেতরে ও বাইরে পুরোদমে সংস্কারকাজ চলছে এবং ভাড়া দেওয়ার জন্য নিচে ‘টু-লেট’ লেখা ব্যানার টানানো হয়েছে। ভাড়াটিয়া পরিচয়ে যোগাযোগ করা হলে ভবন রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় সব ফ্লোর ভাড়া হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে।
ভবনসংশ্লিষ্টদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আয়তন হিসাব করে ন্যূনতম ৩৮০ টাকা বর্গফুট হিসাবে ভাড়া দেওয়া হচ্ছে। এর সঙ্গে ছয় মাসের অগ্রিম ভাড়া এবং নিরাপত্তা জামানত হিসাবে আরও ছয় মাসের ভাড়া জমা দিতে হবে। ভবনের ম্যানেজার পরিচয় দেওয়া হাসান নামের এক ব্যক্তি অনুমোদন নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বলে যুগান্তর জানিয়েছে।
তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলছে, ভবনটি খোলার বিষয়ে কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি। রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মনিরুল হক বলেছেন, খবর পাওয়ার পর তাঁরা খোলার চেষ্টার বিষয়টি জেনেছেন এবং দ্রুত অভিযান চালিয়ে এটি বন্ধ করে দেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এক সপ্তাহ পার হলেও রাজউকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযান চালানো হয়নি কিংবা সংস্কারকাজে বাধা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। ওই ঘটনায় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ ২৬ জনের প্রাণহানি ঘটে এবং অন্তত ৭৫ জন গুরুতর আহত হন। ঘটনার পর ভবনটি বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তদন্তে ভবনটিতে ফায়ার এক্সিট ও সেফটি লবির অভাব, আগুন প্রতিরোধ ও ধোঁয়া শনাক্তকরণ ব্যবস্থার অনুপস্থিতিসহ ১৫টি সুনির্দিষ্ট সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক দুটি মামলা চলমান রয়েছে। নকশা জালিয়াতির মাধ্যমে ভবনটি অবৈধভাবে ২৩ তলা করার অভিযোগে ভবনমালিকসহ রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। মামলা দুটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকলেও সাক্ষীদের অনুপস্থিতির কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।








