সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রীর এপিএস আহমাদুল বাশারের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের

Tajanews24

Published: নভেম্বর 24, 2026, 7:00 অপরাহ্ন

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) আ ন ম আহমাদুল বাশারের নামে থাকা সিটি ব্যাংকের ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হিসাবগুলো অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু তালহা। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, ওই ১১টি হিসাবে বিভিন্ন সময়ে মোট ২ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ২৯০ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে জমা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা এবং উত্তোলন করা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৭৮ হাজার ৪০ টাকা। বর্তমানে এসব হিসাবে মোট ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা স্থিতি রয়েছে বলে আবেদনে বলা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, আহমাদুল বাশার সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করে নিজের দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ায় তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক।

দুদকের আবেদনে বলা হয়, যাচাই ও অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে কমিশন জানতে পেরেছে, আহমাদুল বাশার তাঁর নামে থাকা অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ সরিয়ে ফেলা হলে চলমান অনুসন্ধানের উদ্দেশ্য ব্যাহত হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতেই হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন বলে দুদক আদালতকে জানায়। আবেদন শুনে আদালত ১১টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন।