দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছেন তিনি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বলে ইউএনবি জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এবং দলটির কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানো এই শক্তি এখন নিজেদের ‘পলাতক দল’ হিসেবেই পরিচয় দিতে পারে। দলটির সাম্প্রতিক তৎপরতায় দেশে থাকা গোপন নেটওয়ার্ক বিপাকে পড়েছে এবং কেউ কেউ বিভ্রান্ত হয়ে তাদের ফাঁদে পা দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সরকার রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, সে কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতা দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার কোনো রক্তপাত চায়নি; ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির আচরণ, ত্যাগ ও ধৈর্য দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্তদের বিচার চলমান রয়েছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদ ও সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুযায়ী দায়ীরা ব্যক্তি হিসেবে এবং সংগঠন হিসেবেও বিচারের মুখোমুখি হবেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে; তদন্ত শেষ হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় অভিযোগ গঠন ও অভিযোগপত্র দাখিল করা হবে এবং ট্রাইব্যুনালের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী সাবেক ক্ষমতাসীন দলটির ভাগ্য নির্ধারিত হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং সব রাজনৈতিক কর্মকাণ্ড গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনার লক্ষ্যে বিএনপি জুলাই জাতীয় সনদে সই করেছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।








