গোপালগঞ্জ এড়িয়ে বিকল্প রুটে জাহানাবাদ এক্সপ্রেস চালানোর প্রস্তাব রেলওয়ের

Tajanews24

Published: নভেম্বর 26, 2026, 3:10 অপরাহ্ন

গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে চলাচল করা দুটি আন্তঃনগর ট্রেনের রুট বদলে বিকল্প পথে চালানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। ঢাকা পোস্ট জানিয়েছে, বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে রেলওয়ের মহাপরিচালকের কাছে এ-সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে। এশিয়া পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মহাপরিচালকের কার্যালয় থেকে বিকল্প রুটে ট্রেন পরিচালনার অনুমোদনও দেওয়া হয়েছে।

রেলওয়ের চিঠিতে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা–ঢাকা–খুলনা) এবং ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের (ঢাকা–বেনাপোল–ঢাকা) চলাচল প্রতিদিন বাতিল করতে হচ্ছে। এতে নিয়মিত টিকিটের টাকা ফেরত দিতে হচ্ছে বলে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ট্রেন পরিচালনায় জটিলতা বাড়ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ট্রেন দুটির চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে সেগুলোর রেক দিয়ে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে খুলনা–পোড়াদহ–রাজবাড়ী–ঢাকা রুটে নতুন এক জোড়া ট্রেন চালানো হবে। খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রেলের আর্থিক ক্ষতি এড়ানো এবং রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে রেলওয়ে জানিয়েছে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২০০০৩ নম্বর ট্রেনটি সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ২০০০৪ নম্বর ট্রেনটি বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। নতুন রুটে ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে বলে প্রস্তাবে বলা হয়েছে। টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।

তবে এই রুট চালু হলে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর স্টেশন হয়ে জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যাবে। ফলে ওই দুই স্টেশনের যাত্রীরা ট্রেন দুটির সরাসরি সেবা থেকে বঞ্চিত হবেন এবং তাঁদের বিকল্প পরিবহন বা অন্য রুটের ওপর নির্ভর করতে হতে পারে।