চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদীর তীরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই একটি ইটভাটা নির্মাণের কাজ চলছে। দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরও চরখিজিরপুর এলাকায় ‘ডি অ্যান্ড সি ব্রিকস’ নামের ইটভাটাটির নির্মাণ থামেনি। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে নদীর পাড় থেকে মাটি কাটাও চলছে বলে অভিযোগ উঠেছে।
ইটভাটাটি অবিলম্বে বন্ধের দাবিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, এ ধরনের ইটভাটা চালু হলে নদীর পানি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব পড়বে। এর আগে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগও দিয়েছিলেন বলে জানা গেছে।
এর আগে গত ৯ নভেম্বর নির্মাণাধীন ইটভাটাটিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসন জানিয়েছে, সেদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারায় ইটভাটার মালিক হাজী রফিক আহম্মদকে (৮৪) ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কানিজ ফাতেমা বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ইটভাটাটি নির্মাণ করা হচ্ছিল।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান বলেছেন, নির্মাণকাজ আপাতত বন্ধ রয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, কাজ এখনো চলছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ইটভাটাটির নির্মাণকাজের বড় অংশ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং সেখানে ইট উৎপাদন শুরুর প্রস্তুতিও চলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ও পরিবেশ বিশেষজ্ঞ ড. মোহাম্মদ কামাল হোসেন সতর্ক করে বলেছেন, এ ধরনের ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে কর্ণফুলী নদী প্রতিনিয়ত দূষিত হয়। তাঁর মতে, ইটভাটার বর্জ্য ও মাটি ফেলে নদীর তীর ভরাট করা হলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যেতে পারে এবং বিপরীত পাড়ে ভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি শুধু অভিযান চালিয়ে না থেমে নদীর তীরের অবৈধ ইটভাটাগুলো স্থায়ীভাবে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, হাইকোর্ট সারা দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন।








