জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা, চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন বলে প্রথম আলো জানিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানিয়েছেন, আসামিপক্ষের আইনজীবীরা রুহুল আমিনের জামিন চেয়ে শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান।
তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন জানিয়েছেন, ঘটনার দিন তিনি বায়তুল মোকাররম মসজিদে উপস্থিত ছিলেন এবং তাঁর সামনেই ঘটনাটি ঘটে। এ ছাড়া তিনি মামলার বিষয়ে আরও কিছু তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই চলছে। মামলার এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজের সময় ইসলামী ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় রুহুল আমিনসহ অন্য আসামিরা মসজিদে প্রবেশ করে তাঁকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন এবং তাঁর হাত থেকে মাইক কেড়ে নেন। বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি লোহার রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করেন, এতে তাঁর চোখ গুরুতর জখম হয় বলে অভিযোগে বলা হয়েছে। ওই ঘটনায় প্রবাসফেরত ব্যবসায়ী হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান বাদী হয়ে পল্টন থানায় মামলাটি করেন; মামলায় মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররমের খতিবের দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি আলোচনায় আসেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীও ছিলেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।








